ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাইবান্ধার ভোট বন্ধ হঠকারী সিদ্ধান্ত নয়, সর্বসম্মত সিদ্ধান্ত: সিইসি

ক্ষমতাসীন দলের অনেক নেতা ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মধ্যে ব্যাখ্যা দিতে ব্রিফিংয়ে আসেন সিইসি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

---প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ উপ নির্বাচন বন্ধ করা কমিশনের হঠকারী সিদ্ধান্ত নয়; বরং কেন্দ্রের পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে থাকায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোট বন্ধ নিয়ে ‘বিভ্রান্তি’ দুর করতে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন তিনি।

“আমরা হঠকারী কোন সিদ্ধান্ত গ্রহণ করি নি। এই সিদ্ধান্ত সিইসি গ্রহণ করেনি, কমিশন গ্রহণ করেছে। সিইসি কোন সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করেন না;  করতেও পারেন না। কমিশন সদস্যরা বসে আলাপ-আলোচনা করে চিন্তাভাবনা করে যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিবিঢ়ভাবে প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিয়েছি। “

এ সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর উপস্থিত ছিলেন।

আগেরদিন গাইবান্ধা-৫ উপনির্বাচন  বন্ধ করা হয়। কেমন অনিয়ম হয়েছিল,  ইসি কিভাবে পযবেক্ষণ করেছে, কোন পরিস্থিতে, কীভাবে বন্ধ করা হয়েছে- তা পুর্ণাঙ্গ ব্যাখ্যা তুলে ধরেন সিইসি।

সংবাদ ব্রিফিংয়ে আসার যৌক্তিকতা তুলে ধরে কাজী হাবিবুল আউয়াল জানান, অনিয়মের পরও ভোটকক্ষে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়। তবুও শৃঙ্খলা ফিরিয়ে আনার কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় নি।

 

কেন ব্যাখ্যা দিচ্ছে ইসি, ইসির সর্বসম্মত সিদ্ধান্ত

 

ভোট বন্ধের পর ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তিনি বলেন, “গাইবান্ধা নির্বাচনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিয়ে হয়তো জনমনে কিছু বিভ্রান্তি থাকতে পারে। আমরা টকশোতে শুনেছি কেউ আনন্দিত হয়েছে, কেউ ব্যথিত হয়েছে, কেউ প্রতিবাদ করেছেন, কেউ সমবেদনা জানিয়েছেন। আমাদের মনে হয়েছে। এতে করে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেই বিভ্রান্তি অপলোপনের জন্য কিছু ব্যাখ্যা আমাদের দেওয়া দরকার।”

 

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন এক নয়। প্রধান নির্বাচন কমিশনারও একজন কমিশনার। যখন একাধিক সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয় তখন একজন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হন এবং তিনি এ সংস্থার চেয়ারম্যান হন। প্রধান নির্বাচন কমিশন কোন সিদ্ধান্তে এককভাবে গ্রহণ করেন না করতে পারেন না। তিনি বলেন, “এইজন্যই আপনাদের মাধ্যমে, আমরা বলতে চাই যে আমরা কোন হঠকারী সিদ্ধান্ত নিই নাই। যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা কমিশন করেছে। আমরা সকল নির্বাচন কমিশনার একত্রে বসে যে সিদ্ধান্ত নেই সেটা কোন একক সিদ্ধান্ত নয় সমন্বিত সিদ্ধান্ত। তাই সকলকে বুঝতে হবে এটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আমরা নিগুরভাবে পর্যবেক্ষণ করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি।”

 

লিখিত বক্তব্য

লিখিত বক্তব্যে সিইসি জানান, বুধবার উপ নির্বাচনটি যাতে অবাধ, নিরোপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে জন্য ইসির পক্ষ থেকে করণীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। ২৮ সেপ্টেম্বর একজন নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকায়  আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেন। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় প্রধান, সকল প্রতিদ্বন্দী প্রার্থীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সিইসি নিজে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসারের সাথে টেলিফোনে কথা বলেছি যাতে একটি অবাধ, নিরোপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হয়।

ইভিএম ও সিসি ক্যামেরা ব্যবহারের প্রসঙ্গ টেনে সিইসি জানান, দায়িত্ব নেওয়ার পর যতগুলো নির্বাচন করেছে সবগুলো নির্বাচনে ইভিএম ব্যবহার করে অত্যন্ত সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে প্রত্যেক ভোট কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

 ইভিএমের গোপন ভোটকক্ষে অবৈধ লোক প্রবেশ করে বা অবস্থান করে ভোটারকে ব্যালট ইউনিটে ভোট দিতে সুযোগ না দিয়ে অবৈধ প্রবেশকারী তার আঙ্গুল দিয়ে ভোট দিয়ে দেন-এমন অভিযোগও রয়েছে।

 

“সব নির্বাচনের ক্ষেত্রে সিসিটিভি স্থাপনের ফলে এই অপরাধ একেবারেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। তারই আলোকে গাইবান্ধা উপ নির্বাচনেও  ইভিএমে ভোট গ্রহণ ও প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়”।

 

বুধবার সকাল আটটায় ভোট শুরু থেকে আগারগাঁও-এ নির্বাচন ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে সিইসি ও অন্যান্য কমিশনারা, দায়িত্ব পালনকারী সচিবালয়ের কর্মকর্তাগন ও কারিগরি সহায়তাকারী ব্যক্তিরা পরবর্তীতে মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

অনিয়মের ধরণ, শৃঙ্খলা ফেরানো যায় নি

 

সিইসি জানান, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে আমারা তিনটি কেন্দ্রে দেখতে পাই ভোট কক্ষে প্রার্থীর পুরুষ এজেন্টরা একই রকম গেঞ্জি বুকে ও পিঠে প্রার্থীর মার্কা ইত্যাদি প্রিন্ট করা, পড়ে আছেন এবং মহিলা এজেন্টগণ একই রকম শাড়ীপড়া যা আচরন বিধিমালার ১০ (ঙ) ভঙ্গের মধ্যে পড়ে। এই সকল এজেন্ট ছাড়াও আরো অনেক অবৈধ লোকজন ভোটকক্ষে অবস্থান করে ভোটাদেরকে ভোট দিতে প্রভাবিত করছেন।

 

অনিয়মের ধরণ তুলে ধরে কাজী হাবিবুল আউয়াল জানান, ভোটাদের কন্টোল ইউনিটে আঙ্গুলের ছাপ দেয়ার পরপরই এজেন্টগন গোপন ভোটকক্ষে প্রবেশ করে ভোটারকে ভোট দানের সুযোগ না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ একই কাজ করছেন। তখন কমিশন থেকে ফোন দিয়ে প্রিসাইডিং অফিসারদেরকে ভোট কক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।”

 “কিন্তু ভোট কক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনার কোন কার্যকরি পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে দেখা যায় নি”।

 

তিনি জানান, তখন ওই তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশনা কমিশন থেকে দেওয়া হয়। পরে একে একে দুপুর দেড় টা পর্যন্ত ৫০টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা হয়। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের অবস্থা একই রকম দেখা যায়।

 

“ইতোমধ্যে রিটার্নিং অফিসার একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেন। আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলি। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয় নাই। অন্যান্য কেন্দ্রগুলোতেও

সিসিটিভি দেখার সময় পেলে দেখা যেত যে ও কেন্দ্রগুলোতেও একই অবস্থা তাই কমিশন মনে করে যে এই ধরনের একটি আইন বহির্ভুত ভোগ কোন ভাবেই গ্রহনযোগ্য হতে পারে না”। বেলা আড়াই টায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সম্পূর্নভাবে বন্ধ ঘোষণা করা হয় বলে উল্লেখ করেন সিইসি।

 

তদন্ত কমিটি গঠন

 

সিইসি জানান, উপ নির্বাচনের অনিয়মগুলো তদন্ত করে আগামী ৭ নিদের মধ্যে একটি প্রতিবেদন দিতে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে গাইবান্ধা ৫ আসনের পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে উল্লেখ করেন তিনি।ইসির অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

 

ads
ads
ads

Our Facebook Page

↑